প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
ভালো শুরু হলেও আরও ভালো হতে পারত: সাদমান
স্পোর্টস টক বিডি ডেস্ক , সিনিয়র রিপোর্টার ||
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে শুরুটা আরও ভালো হতে পারত বলে মনে করেন ওপেনার সাদমান ইসলাম। তার মতে, ব্যাটিংয়ের জন্য উইকেট বেশ ভালো থাকলেও বড় জুটির পর দ্রুত কয়েকটি উইকেট হারানোয় প্রত্যাশামতো রান তুলতে পারেনি দল।শুক্রবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিন শেষে ৮ উইকেটে ৩১৭ রান করেছে বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের ব্যাটে দারুণ শুরু পায় দল। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১২৪ রান। তানজিদ ৮৩ এবং সাদমান ৬৭ রান করে আউট হন। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।প্রথম দিনের খেলা শেষে সাদমান জানান, দলের শুরুটা ভালো হলেও আরও বেশি রান তোলার সুযোগ ছিল। তিনি বলেন, ‘মোটামুটি ভালো ছিল। কিন্তু হয়তোবা আমাদের যে শুরুটা ছিল, আরেকটু ভালো হতে পারত। যাক, যা হয়েছে আজকের জন্য আলহামদুলিল্লাহ।’উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী ছিল বলেও জানান এই ওপেনার। সকালে আফগান বোলারদের বিপক্ষে ভালোভাবে ব্যাটিং করলেও বিরতির পর প্রতিপক্ষ ঘুরে দাঁড়ায় বলে মনে করেন তিনি। বড় জুটির পর কয়েকটি উইকেট হারানোই দিনের সংগ্রহে প্রভাব ফেলেছে।সাদমানের ভাষায়, সকালে ভালো ব্যাটিং করেছে বাংলাদেশ। তবে লাঞ্চের পর আফগানিস্তানের বোলাররা ভালোভাবে ফিরে এসে গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট তুলে নেন। ফলে দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দলকে।এদিকে আবুধাবির গরমের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়েও কথা বলেন সাদমান। তার মতে, বাংলাদেশে অনুশীলনের সময় থেকেই গরম আবহাওয়ার বিষয়টি মাথায় রাখা হয়েছিল। গরমের মধ্যে প্রস্তুতি ক্যাম্প করার পাশাপাশি দুবাইয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলায় এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয়েছে।
স্পোর্টস টক বিডি - সিনিয়র রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD