প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
রোনালদোর হাজার গোলের পথে আরও এক ধাপ, আল নাসরের বড় জয়
স্পোর্টস টক বিডি ডেস্ক , সিনিয়র রিপোর্টার ||
এএফসি চ্যাম্পিয়নস লিগে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনার বিপক্ষে জালের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর এই গোলের সুবাদে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন পর্তুগিজ মহাতারকা।সোমবার (১২ অক্টোবর) রাতে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে আল নাসর। আগের ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এটি সৌদি ক্লাবটির প্রথম জয়। কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর।ম্যাচের ৩০ মিনিটে অ্যাঞ্জেলোর গোলে এগিয়ে যায় আল নাসর। নাওয়াফ বৌশালের পাস থেকে পাওয়া বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান রোনালদো। আইমান ইয়াহিয়ার বাড়ানো বলে লক্ষ্যভেদ করে আল নাসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পর্তুগিজ তারকা। এই গোলের মাধ্যমে তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১-এ। অর্থাৎ, ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১৯ গোল প্রয়োজন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ীর।বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেফৎচি ফারগোনা। আলিশার ওদিলোভের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার সম্ভাবনাও তৈরি করে উজবেকিস্তানের দলটি। তবে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলে সেই আশা অনেকটাই শেষ হয়ে যায়। ম্যাচের ৭৫ মিনিটে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে সৌদি ক্লাবটি।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD