প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট হারিকেন্স
স্পোর্টস টক বিডি ডেস্ক , সিনিয়র রিপোর্টার ||
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে আবারও খেলতে দেখা যাবে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে। আগামী আসরের জন্য তাকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।নতুন মৌসুমে হোবার্টের হয়ে মাঠে নামবেন অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও। ফলে একই দলে দুই লেগ স্পিনারকে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাদের নিয়ে দলের স্পিন আক্রমণ আরও ধারালো করতে চায় হোবার্ট।বিগ ব্যাশে নিজের প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্স উপহার দেন রিশাদ। গত আসরে ১২ ম্যাচ খেলে ১৫ উইকেট শিকার করে দলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন তিনি। ২০.৮৬ গড় ও ৭.৮২ ইকোনমিতে বোলিং করা এই স্পিনারের সেরা সাফল্য ছিল ২৬ রানে ৩ উইকেট। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্টের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।রিশাদের আগ্রহই তাকে ধরে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন হোবার্টের হাই পারফরম্যান্স বিভাগের ম্যানেজার সালিয়ান বিমস। তার মতে, গত মৌসুমে হোবার্টে রিশাদের অভিজ্ঞতা দারুণ ছিল এবং তিনি আবারও দলটির হয়ে খেলতে চেয়েছিলেন।জাম্পাকে দলে যুক্ত করার পর স্কোয়াড সাজানোর পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হয়েছিল হোবার্টকে। তারপরও রিশাদের মতো প্রতিভাবান ক্রিকেটারকে ফেরানোর সুযোগ হাতছাড়া করতে রাজি হয়নি তারা। বিমস জানিয়েছেন, রিশাদের ফেরার আগ্রহকে গুরুত্ব দিয়েই তাকে দলে রাখার সব পথ খুঁজেছে ফ্র্যাঞ্চাইজিটি।প্রথমবার বিগ ব্যাশে অংশ নিয়েই ১২টি ম্যাচ খেলা এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার বিষয়টি রিশাদের সামর্থ্যের বড় প্রমাণ বলে মনে করেন বিমস। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার দক্ষতায় মুগ্ধ হোবার্ট কর্তৃপক্ষ।নতুন মৌসুমে জাম্পা ও রিশাদকে একসঙ্গে পাওয়াকে দলের জন্য বাড়তি শক্তি হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। দুজনের বোলিংয়ের বৈচিত্র্য কাজে লাগিয়ে মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখার পরিকল্পনা তাদের। এতে হোবার্টের বোলিং আক্রমণ আরও কার্যকর ও নমনীয় হবে বলে আশা করছে দলটি।উল্লেখ্য, বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফট থেকে প্রথমবার রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যস্ত সূচির কারণে সেবার দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি তার। পরবর্তী মৌসুমে অভিষেকেই নিজের জাত চেনান এই বাংলাদেশি স্পিনার। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে নতুন আসরেও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD