প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
যেভাবে বিসিবির ভ্যান থেকে উধাও হলো ক্রিকেটারদের আট লাগেজ
স্পোর্টস টক বিডি ডেস্ক , সিনিয়র রিপোর্টার ||
চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়ে সিনেমার কায়দায় বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের আটটি লাগেজ চুরি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে ভ্যানের পেছনে উঠে তালা ভেঙে একে একে লাগেজগুলো নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মালামালের অধিকাংশ।বুধবার (১৪ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। তবে চুরি হওয়া একটি লাগেজে ক্রিকেটার এসএম মেহেরব হাসানের রাখা তিন লাখ টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।গ্রেপ্তার চারজন হলেন রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়ার গন্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)।জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে বুধবার সকালে ঢাকায় থেকে বিমানে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। অন্যদিকে বিসিবির একটি কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজ আনা হচ্ছিল। রাজশাহীর হোটেলে লাগেজ নামানোর সময় আটটি লাগেজের খোঁজ পাওয়া যায়নি। পরে ক্রিকেটার মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে পুঠিয়ার তারাপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি শাহাদত হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স ও নগদ আট হাজার টাকা। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহী আসার পথে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে কাভার্ড ভ্যানের চালক সজীব গাড়ির তালা পরীক্ষা করেন। এরপর আবার যাত্রা শুরু করেন। পরে পুঠিয়ার তারাপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত গাড়ির পেছনে উঠে তালা ভেঙে মালামাল নিয়ে পালিয়ে যায়।পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানচালককে জানালে তিনি গাড়ি থামিয়ে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে দরজা বন্ধ করে রাজশাহী পৌঁছান তিনি। তবে হোটেলে লাগেজ নামানোর সময় ৫৪টির মধ্যে ৪৬টি পাওয়া যায়।ক্রিকেটার মেহেরব হাসান জানান, তাঁর লাগেজে থাকা তিন লাখ টাকা এখনো উদ্ধার হয়নি। পুলিশ তাঁকে টাকা উদ্ধারের চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে।এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন। মামলা হলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD