প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
ঢাকায় ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা করলেন তাবিথ আউয়াল
স্পোর্টস টক বিডি ডেস্ক , সিনিয়র রিপোর্টার ||
মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রায় দুই ঘণ্টার এই বিরতিতেই তাঁর সঙ্গে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন নিয়ে বৈঠক করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। আলোচনায় গুরুত্ব পায় ফিফার আর্থিক সহায়তা, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন, ইউরোপের দেশগুলোর বিপক্ষে খেলার সুযোগ এবং দেশের স্টেডিয়াম অবকাঠামোর উন্নয়ন।রোববার ঢাকায় ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন তাবিথ আউয়ালসহ বাফুফের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে তাবিথ জানান, বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ফিফার সঙ্গে সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়েই মূলত আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন এবং আসিয়ান কাপে অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পর্কেও জানতে চান ফিফা সভাপতি।ইউরোপের বিভিন্ন দেশের বিপক্ষে বাংলাদেশের খেলার সুযোগ তৈরির বিষয়টিও আলোচনায় এসেছে। বিশেষ করে ফিফা উইন্ডো আরও উন্মুক্ত করে বিভিন্ন মহাদেশের জাতীয় দলগুলোর মধ্যে ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।এ ছাড়া ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় বরাদ্দ অর্থের অব্যবহৃত অংশ কাজে লাগানোর বিষয়েও ইনফান্তিনোর সঙ্গে আলোচনা করেছেন তাবিথ। তাঁর আশা, প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু হলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরে আসবেন ফিফা সভাপতি।তাবিথের ভাষ্য অনুযায়ী, জাতীয় ফুটবল দলের টেকনিক্যাল সেন্টার নির্মাণ, সিলেটে হাইব্রিড পিচ স্থাপন এবং দুটি স্টেডিয়ামের সংস্কার ও ফ্লাডলাইট উন্নয়নের কাজ শুরু হলে ইনফান্তিনোর বাংলাদেশ সফরের পথ তৈরি হবে। এ বিষয়ে ফিফা সভাপতি যেকোনো সময় বাংলাদেশে আসতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।বৈঠকে স্টেডিয়ামগুলোতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরিকল্পনা এবং প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগের কথাও তুলে ধরেছে বাফুফে। এসব পরিকল্পনায় ফিফা সভাপতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে জানান তাবিথ।তবে ফিফা সভাপতি নির্বাচন কিংবা রাজনৈতিক কোনো বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। তাঁর দাবি, বাংলাদেশের ফুটবল উন্নয়নই ছিল আলোচনার প্রধান বিষয়।ফিফার কাছে বাংলাদেশের ফুটবল যথেষ্ট গুরুত্ব পাচ্ছে বলেও মনে করেন তাবিথ। তাঁর বিশ্বাস, বাংলাদেশের ফুটবলের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা দেখে ফিফা আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আন্তর্জাতিক ফিফা ইভেন্টগুলোতে বাংলাদেশের নিয়মিত অংশগ্রহণও দেশের ফুটবলের প্রতি ফেডারেশন ও সরকারের আন্তরিকতার প্রমাণ হিসেবে তুলে ধরেছেন তিনি।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD