প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
ইনফান্তিনোর কাছে উয়েফার ৪২ প্রশ্ন, জবাব দিতে বেঁধে দেওয়া হলো সময়
স্পোর্টস টক বিডি ডেস্ক , সিনিয়র রিপোর্টার ||
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ৪২টি প্রশ্নের লিখিত জবাব চেয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামী ২ নভেম্বরের মধ্যে এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে সংস্থাটি। প্রশ্নগুলোর মধ্যে রয়েছে বিশ্বকাপের স্বত্বের অংশবিশেষ বিক্রির উদ্যোগ, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের প্রক্রিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত।গত ১৯ অক্টোবর ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রমের কাছে আট পৃষ্ঠার একটি চিঠি পাঠান উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস। চিঠিটি পর্যালোচনা করেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন। এতে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ প্রকল্পসহ সংস্থাটির পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে বেশ কিছু গুরুতর প্রশ্ন তোলা হয়েছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশ কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের কাছে বিশ্বকাপের স্বত্বের একটি অংশ বিক্রি করে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো। তবে ফিফা কাউন্সিলের সঙ্গে আলোচনা না করে নেওয়া এই পরিকল্পনায় ক্ষুব্ধ হয়ে ফিফার সব প্রতিযোগিতা বর্জনের হুমকি দিয়েছিল উয়েফা।পরে তীব্র সমালোচনার মুখে পরিকল্পনা থেকে সরে আসার আশ্বাস দেন ইনফান্তিনো। এরপর বয়কটের হুমকি প্রত্যাহার করে নেয় উয়েফা। তবে ফিফায় ইনফান্তিনোর নেতৃত্ব এবং ২০২৭ সালের মার্চে তাঁর পুনর্নির্বাচনের প্রচেষ্টার বিরোধিতা অব্যাহত রেখেছে সংস্থাটি।ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, উয়েফার পাঠানো প্রশ্নগুলোর মধ্যে রয়েছে—ফিফা কাউন্সিলের অনুমোদন ছাড়াই থ্রাইভ ক্যাপিটালকে একচেটিয়া সুবিধা দেওয়ার সিদ্ধান্ত কে নিয়েছিলেন, এফএফই প্রকল্পের ধারণা প্রথম কবে এবং কার মাধ্যমে সামনে এসেছিল। এ ছাড়া বালোগানের লাল কার্ড প্রত্যাহারের বিষয়ে টেলিফোনে আলোচনার সময় ট্রাম্প ইনফান্তিনোর কাছে কী দাবি জানিয়েছিলেন, সেটিও জানতে চেয়েছে উয়েফা।চিঠিতে থিওডোরিডিস অভিযোগ করেছেন, ফিফা কাউন্সিলের সদস্যদের তোলা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের যথাযথ ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনকি চাওয়া নথিপত্রও সরবরাহ করেনি ফিফা। তাঁর মতে, এফএফই প্রকল্প বাতিল, ভুল স্বীকার এবং ভবিষ্যতে শাসনব্যবস্থায় সংস্কারের ঘোষণা দেওয়া হলেও সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। একই সঙ্গে কেন ফিফা কাউন্সিলকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি, তারও ব্যাখ্যা মেলেনি।জবাব দেওয়ার সময়সীমা নির্ধারণ করে চিঠিতে বলা হয়েছে, উয়েফার পক্ষ থেকে প্রতিটি প্রশ্নের তথ্যনির্ভর লিখিত উত্তর এবং সংশ্লিষ্ট সব নথিপত্র আগামী ২ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার ফিফা কাউন্সিলের সভায় বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনার জন্য ক্ষমা চান ইনফান্তিনো। তবে কীভাবে এই প্রস্তাব তৈরি হয়েছিল এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কারা যুক্ত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেননি তিনি।২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হবে ফিফা কংগ্রেস। সেখানেই নির্বাচন হবে সংস্থাটির পরবর্তী সভাপতি। আগামী ১৮ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইনফান্তিনোর বিপক্ষে সভাপতি পদে লড়ার ঘোষণা দেননি কেউ।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD