প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
ফের ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকেই সমর্থন এশিয়ার
স্পোর্টস টক বিডি ডেস্ক , সিনিয়র রিপোর্টার ||
ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। শুক্রবার (২৩ অক্টোবর) টোকিওতে এএফসির এক বৈঠকে ইনফান্তিনোর উপস্থিতিতে তার প্রতি নিঃশর্ত সমর্থনের কথা জানান এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা।
গত আগস্টে ফিফার শীর্ষ প্রতিযোগিতাগুলো বেসরকারি বিনিয়োগকারীদের কাছে উন্মুক্ত করার পরিকল্পনার জন্য উয়েফা এবং কনকাক্যাফের সঙ্গে মিলে ইনফান্তিনোর সমালোচনা করেছিল এএফসি। ইনফান্তিনো নিজেও চতুর্থ ও শেষ মেয়াদে সভাপতি পদে পুনর্নির্বাচনের লড়াইয়ে নামার আগে অনেক অ্যাসোসিয়েশনের সমর্থন হারান।
jwARI.fetch( $( "#ari-image-jw6adb31530eb63" ) );
তবে ইনফান্তিনোর ওপরই আস্থা রাখছেন এএফসি সভাপতি শেখ সালমান। তিনি বলেন, ‘ফিফা সভাপতি হিসেবে আপনি নতুন মেয়াদের জন্য লড়ছেন, আর আপনাকে ও আপনার নেতৃত্বকে সমর্থনের ব্যাপারে আমাদের পূর্ণ প্রতিশ্রুতির কথা আমরা পুনর্ব্যক্ত করছি। আপনি এশিয়ার অনেক দেশ সফর করেছেন। এ মহাদেশের অনেক সদস্যের সঙ্গেই আমার কথা হয়েছে। আমি আপনার অনুভূতি জানি এবং আমার মনে হয় আপনার প্রতিশ্রুতির বিষয়ও পরিষ্কার। জিয়ান্নির প্রতি আপনাদের সমর্থন অত্যন্ত স্পষ্ট।’
অতীত মতবিরোধ নিয়ে এএফসির বিশেষ কংগ্রেস ও ইনফান্তিনোকে উদ্দেশ করে শেখ সালমান বলেন, ‘জিয়ান্নি, হ্যাঁ, অতীতে আমাদের কিছু বিষয়ে কথা হয়েছিল। তবে দুটি বিষয়কে এক করে মেলানো ঠিক হবে না। আমাদের সামনে এগিয়ে যেতে হবে, আমরা যখন একসঙ্গে কাজ করি, তখনই ফুটবল সবচেয়ে শক্তিশালী হয়।’
বিশ্বকাপসহ ফিফার শীর্ষ প্রতিযোগিতাগুলো আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা তীব্র সমালোচনার মুখে ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহে ক্ষমা চান ইনফান্তিনো। ২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন এই সুইস নাগরিক। আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া সভাপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থিতা জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৮ নভেম্বর।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD