প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর সতীর্থদের নিয়ে যা বললেন রোনালদো
স্পোর্টস টক বিডি ডেস্ক , রিপোর্টার ||
১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ৯৮৫-এ। অর্থাৎ হাজার গোলের স্বপ্ন পূরণে আর মাত্র ১৫ গোল প্রয়োজন পর্তুগিজ মহাতারকার।রিয়াদের আল আওয়াল পার্কে গত রাতে আল খুলুদের বিপক্ষে ৫-৩ গোলের জয় পেয়েছে আল নাসর। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোনালদো। একাই করেছেন তিন গোল। আরেক পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স গোল না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল।ম্যাচ শেষে এমন দুর্দান্ত জয়ের আনন্দ ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের সঙ্গে উদযাপনের ছবি পোস্ট করেন রোনালদো। ক্যাপশনে তিনি লেখেন, ‘অসাধারণ জয়। দলের সবাই দুর্দান্ত খেলেছে। হ্যাটট্রিক করতে পেরে ভালো লাগছে।’অবশ্য ম্যাচের শুরুটা আল নাসরের জন্য সুখকর ছিল না। ১৬ মিনিটে জুলিয়েন দোমিঙ্গেসের গোলে এগিয়ে যায় আল খুলুদ। আট মিনিট পর আনহেলো গ্যাবরিয়েলের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৩৮ মিনিটে সাদিও মানের গোলে প্রথমবারের মতো লিড পায় আল নাসর। তবে বিরতির আগে আন্তোয়েন এসোম্বার গোলে আবারও সমতায় ফেরে আল খুলুদ।বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেন রোনালদো। ৬৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ৭২ ও ৮২ মিনিটে আরও দুইবার লক্ষ্যভেদ করে পূর্ণ করেন হ্যাটট্রিক। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিকের দেখা পান পর্তুগিজ ফরোয়ার্ড। তাঁর প্রথম দুই গোলেই সহায়তা করেন জোয়াও ফেলিক্স। আর তৃতীয় গোলে অ্যাসিস্ট ছিল সাদিও মানের।ম্যাচের যোগ করা সময়ে দোমিঙ্গেসের আরেকটি গোলে ব্যবধান কমায় আল খুলুদ। তবে তাতে আল নাসরের জয় আটকানো যায়নি। শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোর দল।এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। ১১ ম্যাচে ৯ জয়, এক ড্র ও এক হারে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে আল কাদসিয়া, যদিও তারা খেলেছে এক ম্যাচ বেশি। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল হিলাল।রোনালদোর সামনে এখন একটাই লক্ষ্য—ক্যারিয়ারের ১০০০তম গোল। আর সেই স্বপ্নপূরণে বাকি মাত্র ১৫ গোল।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD