প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
চোটের কারণে সাফ থেকে ছিটকে গেলেন রোনান
স্পোর্টস টক বিডি ডেস্ক , রিপোর্টার ||
সাফ চ্যাম্পিয়নশিপের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চোটের কারণে আসন্ন টুর্নামেন্টে খেলা হচ্ছে না তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভানের। প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েও শেষ পর্যন্ত ছিটকে গেলেন এই উদীয়মান ফুটবলার।সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রোনান। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে জাতীয় দলের কোচ থমাস ডুলি তাকে প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে জাতীয় দলের হয়ে মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু ইনজুরির কারণে সেই স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না।বাফুফে সূত্রে জানা গেছে, চোটের কারণে রোনানকে সাফের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দেশে ফেরার জন্য যুক্তরাষ্ট্র থেকে বিমানের টিকিটও বুক করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে শেষ মুহূর্তে ইনজুরির খবর আসায় বাতিল করতে হয়েছে সেই টিকিট।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের শুরুতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল না রোনানের। পরে কলেজ কোচের কাছ থেকে বিশেষ ছুটি পাওয়ায় ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের ক্যাম্পে থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি। সে অনুযায়ী দেশে ফেরার প্রস্তুতিও নিয়েছিল বাফুফে।রোনানকে হারিয়ে আক্রমণভাগের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে কোচ থমাস ডুলিকে। এর মধ্যেই দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা রয়েছে। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ এখনও পুরোপুরি চোটমুক্ত নন। তবে জ্বর কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার শেখ মোরসালিন।একদিনের বিরতি শেষে রবিবার সকালে ফুটবলারদের নিয়ে অনুশীলনে নামেন ডুলি। তবে পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় এখনও দুই দলে ভাগ করে পূর্ণাঙ্গ ম্যাচ অনুশীলন করানো সম্ভব হয়নি।এদিকে আগামী ৫ নভেম্বরের ম্যাচে বাংলাদেশ দলে থাকছেন না মিডফিল্ডার হামজা চৌধুরী ও ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামও এখনও দলের সঙ্গে যোগ দেননি। তবে আগামীকাল তার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD