প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
সাফ খেলতে ঢাকায় ভুটান
স্পোর্টস টক বিডি ডেস্ক , রিপোর্টার ||
দীর্ঘ বিরতির পর ঢাকায় ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ নভেম্বর শুরু হতে যাওয়া ১৫তম আসরে অংশ নিতে সবার আগে রাজধানীতে পা রেখেছে ভুটান জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষও এই ভুটান।ঘরের মাঠে সাফের শিরোপা পুনরুদ্ধারের প্রত্যাশা নিয়ে এবারের প্রতিযোগিতায় নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করতে চায় লাল-সবুজের দল।আট বছর পর ঢাকায় ফিরতে যাওয়া এবারের সাফের সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। আগামী ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই প্রতিযোগিতা।প্রাথমিকভাবে সাতটি দেশের অংশগ্রহণের কথা থাকলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের আসরে থাকছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট।‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। দুই গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। শেষ চারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর, আর ফাইনাল মাঠে গড়াবে ১৭ নভেম্বর।সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্য বলতে ২০০৩ সালের একমাত্র শিরোপা। সেবার ঢাকার মাটিতে ফাইনালে মালদ্বীপকে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দুই বছর পর ২০০৫ সালে আবারও ফাইনালে জায়গা করে নিলেও ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দলের।এবার দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটিয়ে দ্বিতীয়বার সাফের মুকুট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সেই অপেক্ষার অবসান ঘটাতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD