প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
চোটের কারণে নিউজিল্যান্ড সফর মিস করতে পারেন মারুফা
স্পোর্টস টক বিডি ডেস্ক , রিপোর্টার ||
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস বোলিংয়ের অন্যতম ভরসা মারুফা আক্তার। তবে ইনজুরির কারণে আসন্ন নিউজিল্যান্ড সফরে এই ডানহাতি পেসারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে। পুরোনো গোড়ালির চোট নতুন করে দেখা দেওয়ায় তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আগামী ১০ ডিসেম্বর তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে নিউজিল্যান্ড যাওয়ার কথা বাংলাদেশ নারী দলের। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে এই সফরের লড়াই। কিন্তু সফরের আগে মারুফার চোট নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে দলকে।বিসিবি সূত্রের খবর, মারুফার গোড়ালির পুরোনো ব্যথা আবারও ফিরে এসেছে। ফলে দ্রুত মাঠে ফেরানোর পরিবর্তে তাকে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে পুরোপুরি সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। দীর্ঘমেয়াদে তার ফিটনেস ও বোলিং সক্ষমতা ঠিক রাখতেই এমন পরিকল্পনা।ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মারুফার গোড়ালির সমস্যা পুনরায় দেখা দেওয়ায় তাকে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় দিতে চায় বোর্ড। শতভাগ ফিট না হয়ে মাঠে ফিরলে স্বাভাবিক ছন্দে বোলিং করা তার জন্য কঠিন হতে পারে। তাই পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো তাড়াহুড়ো করতে চায় না বিসিবি।জাতীয় দলের পেস আক্রমণে মারুফার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই নিউজিল্যান্ড সফরে তাকে না পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হতে পারে। তবে সাময়িকভাবে তাকে বাইরে রাখলেও চোট কাটিয়ে পুরোপুরি ফিট অবস্থায় দীর্ঘ সময় দলের সেবা পাওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD