ঢাকা   বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Sports Talk BD

বাংলাদেশ-নেপালে অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ

২০২৭ সালের জানুয়ারিতে বাংলাদেশ ও নেপালে বসতে যাচ্ছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল। দুই দেশের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সব ম্যাচ। আগামী ২১ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি।এবারের বিশ্বকাপে অংশ নেবে মোট ১৬টি দল। সব মিলিয়ে মাঠে গড়াবে ৪১টি ম্যাচ। বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে স্বাগতিকদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ২১ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশের মেয়েরা।চারটি ভেন্যুর মধ্যে বাংলাদেশের দুটি হলো চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অন্যদিকে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ‘বি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও সামোয়া। বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে আটটি দল। সেদিন অনুষ্ঠিত হবে মোট চারটি ম্যাচ।২৬ জানুয়ারি শেষ হবে গ্রুপপর্বের লড়াই। এরপর সুপার সিক্স পর্বে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে দুই গ্রুপের সেরা দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। একই মাঠে ৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

বাংলাদেশ-নেপালে অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ