ঢাকা   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Sports Talk BD

গাজার অসুস্থ শিশুদের পাশে দাঁড়াতে হামজার কোটি টাকার সহায়তা সংগ্রহ

মাঠে বল পায়ে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন হামজা চৌধুরী। এবার ফুটবল মাঠের বাইরেও মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়ালেন গাজার অসহায় শিশুদের। গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য নিজের উদ্যোগে ১ লাখ পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ করেছেন বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।গাজার শিশুদের জন্য এমন উদ্যোগ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন হামজা। পাশাপাশি অর্থ সংগ্রহের এই কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে অংশগ্রহণ, অনুদান প্রদান কিংবা অন্য কোনোভাবে সহায়তা—প্রতিটি অবদানের জন্যই ধন্যবাদ জানিয়েছেন এই ফুটবলার।হামজার এই মানবিক উদ্যোগ সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নুজুম স্পোর্টস। তার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কাজ করা হয়েছে।সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থার হাতে। গাজায় শিশুদের জরুরি সহায়তা প্রদানে কাজ করে সংস্থাটি। এই অর্থ ব্যয় করা হবে গুরুতর অসুস্থ শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং চিকিৎসার জন্য তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে।স্বল্প সময়ে এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে পেরে আনন্দিত হামজা। তবে গাজার শিশুদের বর্তমান দুর্দশার কথা বিবেচনায় নিয়ে এই সহায়তাকে যথেষ্ট মনে করছেন না তিনি। তার উপলব্ধি, অসহায় শিশুদের পাশে দাঁড়াতে এখনো অনেক কিছু করার বাকি।হামজার বিশ্বাস, সহায়তার পরিমাণ ছোট কিংবা বড় যা-ই হোক, প্রতিটি উদ্যোগই মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই গাজার শিশুদের জন্য সম্মিলিতভাবে আরও বেশি সহযোগিতা প্রয়োজন।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তার শেষাংশে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার। তাদের দুঃখ-কষ্ট লাঘবের পাশাপাশি কঠিন পরিস্থিতি মোকাবিলায় শক্তি ও ধৈর্য কামনা করেছেন তিনি। সেই সঙ্গে ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশাও ব্যক্ত করেছেন হামজা।

গাজার অসুস্থ শিশুদের পাশে দাঁড়াতে হামজার কোটি টাকার সহায়তা সংগ্রহ