জিম্বাবুয়ের কাছে বড় হারের পর আফগানিস্তানের বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না তাওহীদ হৃদয়দের সামনে। তবে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেও লাভ হয়নি। ব্যাটারদের ব্যর্থতায় আবারও বড় ধস নেমেছে বাংলাদেশের ইনিংসে। শেষ পর্যন্ত ১৬০ রানেই থেমেছে টাইগারদের লড়াই।শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪১.২ ওভারে ১৬০ রানে অলআউট হয় দলটি।বাংলাদেশের হয়ে একাই লড়াই করেছেন পারভেজ ইমন। ৫টি চার ও ২টি ছক্কায় ৯৬ বলে ৭০ রান করেন এই ওপেনার। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। ৮২ বলের ইনিংসে তিনি মারেন ২টি চার ও একটি ছক্কা। এছাড়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ২৩ বলে ১৫ রান।বাকি ব্যাটারদের কেউই বলার মতো অবদান রাখতে পারেননি। শরিফুল ইসলাম করেন ৭ রান। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের সংগ্রহ ২ রান করে। তানজিদ তামিম করেন ১ রান। সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান ফিরেছেন রানের খাতা না খুলেই।আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রশিদ খান। একাই শিকার করেন ৪ উইকেট। আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আহমেদজাই পান ২টি করে উইকেট। বাকি দুটি উইকেট ভাগ করে নেন বিলাল সামি ও মোহাম্মদ নবী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।