ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Sports Talk BD

ম্যারাডোনার মৃত্যুর মামলায় চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের সাজা দাবি রাষ্ট্রপক্ষের

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমের সদস্যদের শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ। মামলার চূড়ান্ত যুক্তিতর্কে ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ড লুকের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চাওয়া হয়েছে। অন্য অভিযুক্তদের চার থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের আবেদনও জানিয়েছে রাষ্ট্রপক্ষ।২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ১৯৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার সময় আর্জেন্টিনার তিগরে শহরের একটি ভাড়া বাসায় তাঁর মৃত্যু হয়। হৃদ্‌যন্ত্রের সমস্যা ও ফুসফুসে তরল জমে তাঁর মৃত্যু হয়েছিল।এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে তৎকালীন সাতজন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ড লুকে, একজন মনোরোগ বিশেষজ্ঞ, মনস্তত্ত্ববিদ ও কয়েকজন নার্স। তবে অভিযুক্ত সবাই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী প্যাট্রিসিও ফেরাই আদালতে অভিযোগ করেন, চিকিৎসকদের অব্যবস্থাপনার কারণে গুরুতর অসুস্থ ম্যারাডোনা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছিলেন। তাঁর দাবি, পেশাগত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার পাশাপাশি চিকিৎসকেরা প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ব্যবস্থাও নেননি।রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ, ম্যারাডোনার শারীরিক অবস্থার অবনতি হলেও তাঁকে হাসপাতালে না রেখে বাসায় চিকিৎসা দেওয়া হয়েছিল। অথচ সেখানে হাসপাতালে থাকা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও ছিল না। বিশেষজ্ঞ সাক্ষীরাও মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর বিপদের লক্ষণ দেখা দেওয়ার কথা জানিয়েছেন।রাষ্ট্রপক্ষের মতে, ম্যারাডোনার মৃত্যু হঠাৎ করে ঘটেনি; বরং আগেই তাঁর শারীরিক অবস্থায় বিপজ্জনক সংকেত দেখা দিয়েছিল। মামলার শুনানিতে মৃত্যুর আগের কিছু ছবিও আদালতে উপস্থাপন করা হয়। ছবিগুলো দেখে ম্যারাডোনার দুই মেয়ে কান্নায় ভেঙে পড়েন।মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। এরপর আদালত রায় ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত বছর বিচারকের একটি প্রামাণ্যচিত্রে অংশ নেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলে মামলাটি বাতিল হয়ে যায়।সূত্র: জর্নাল

ম্যারাডোনার মৃত্যুর মামলায় চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের সাজা দাবি রাষ্ট্রপক্ষের