অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট ও ৫০ ওভারের ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটেও আর খেলবেন না তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চালিয়ে যাবেন নিজের পথচলা। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে খেলার পরিকল্পনা রয়েছে তার।গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ম্যাক্সওয়েল। এরপরও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন এই মারকুটে ব্যাটার। তবে গ্রুপ পর্ব থেকেই অস্ট্রেলিয়ার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় তাদের বিশ্বকাপ অভিযান। গত ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকে দেশের জার্সিতে ম্যাক্সওয়েলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে দুটি উইকেট নিয়েছিলেন তিনি।‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন ম্যাক্সওয়েল। তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। অবসরের জন্য তার ওপর কোনো চাপ ছিল না। বরং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল তার নিজের হাতেই।অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ দল গঠনে তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনাকে সমর্থন করছেন ম্যাক্সওয়েল। তার মতে, সামনে বড় টুর্নামেন্ট ও ২০২৮ সালের অলিম্পিককে সামনে রেখে দলকে নতুনভাবে প্রস্তুত করা জরুরি। আগামী ১২ থেকে ২৪ মাসে দলে পরিবর্তন এনে তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর অভিজ্ঞতা দিতে চায় টিম ম্যানেজমেন্ট।অবসরের আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দেশের সমর্থকদের সামনে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছা ছিল ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ার আসন্ন ইংল্যান্ড সফরে মেলবোর্নে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগও ছিল তার সামনে। কিন্তু হাঁটুর চিকিৎসা ও ইনজেকশন নেওয়ার কারণে সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি।এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত ছিলেন ম্যাক্সওয়েল। গত সেপ্টেম্বরে তার নেতৃত্বে বেলফাস্ট উলভস ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছিল। এরপর ভিক্টোরিয়ার হয়ে ওয়ানডে কাপেও দুটি ম্যাচ খেলেন তিনি। রাজ্য দলের হয়ে নিজের শেষ ম্যাচের কথা সতীর্থদের জানানোর মুহূর্তটি আবেগঘন ছিল বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।এখন তার মূল লক্ষ্য ফিটনেস ধরে রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া। সে জন্য বর্তমানে আট সপ্তাহের পুনর্বাসন কার্যক্রমে মনোযোগ দিচ্ছেন তিনি, যাতে আসন্ন বিগ ব্যাশ মৌসুমের আগে পুরোপুরি প্রস্তুত হতে পারেন।অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ১৫৪.৪২ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৮৯৭ রান। পাশাপাশি শিকার করেছেন ৫১টি উইকেট। এই সংস্করণে তার পাঁচটি সেঞ্চুরি রয়েছে, যা ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্বরেকর্ড।ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দুবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ম্যাক্সওয়েল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়সূচক রান নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।এ ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। ২০১৭ সালে ভারতের বিপক্ষে রাঁচি টেস্টে ১০৪ রানের ইনিংসসহ তার টেস্ট ক্যারিয়ারে মোট রান ৩৩৯। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও কিছুদিন নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান ৩৮ বছর বয়সী এই তারকা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।