আইপিএলের ২০২৭ আসর সামনে রেখে বড় পরিবর্তন এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড। এর আগে টানা চার মৌসুম মুম্বাইয়ের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। মাহেলা জয়াবর্ধনের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর তার জায়গায় পোলার্ডকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের পথচলা শুরু ২০১০ সালে। খেলোয়াড় হিসেবে যোগ দেওয়ার পর দলটির হয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন এই ক্যারিবীয় তারকা। তার হাত ধরেই মুম্বাই জিতেছে আইপিএলের পাঁচটি শিরোপা। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালের শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এ ছাড়া ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি জয়ী দলেও ছিলেন পোলার্ড।আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে ১৮৯ ম্যাচ খেলে ৩ হাজার ৪১২ রান করেছেন পোলার্ড। ১৪৭.৩২ স্ট্রাইক রেটের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬৯ উইকেট। ২০২২ সালে খেলোয়াড় হিসেবে আইপিএলকে বিদায় জানানোর পর ব্যাটিং কোচের দায়িত্ব নেন তিনি। চার বছর সেই দায়িত্ব পালনের পর এবার দলের প্রধান কোচের আসনে বসছেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার।নতুন দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন পোলার্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হওয়াকে বিশেষ সম্মানের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এই ফ্র্যাঞ্চাইজি তার জীবন ও ক্রিকেট ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ। দল, খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কও অত্যন্ত মূল্যবান।পোলার্ডের ভাষায়, খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই মুম্বাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে দলটির ঐতিহ্য ও সংস্কৃতি বুঝতে সাহায্য করেছে। নীল-সোনালি জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার দায়িত্ব সম্পর্কেও তিনি সচেতন।নতুন কোচ হিসেবে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি মুম্বাইয়ের সাফল্যের ঐতিহ্য ধরে রাখা, নতুন প্রতিভাদের বিকাশ ঘটানো এবং সমর্থকদের আরও আনন্দের উপলক্ষ উপহার দেওয়াই হবে তার অন্যতম লক্ষ্য।শুধু আইপিএলেই নয়, মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক পোলার্ডের। এমএলসি, আইএলটি-টোয়েন্টি ও এসএ-টোয়েন্টিতে দলটির সহযোগী ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। চলতি বছর এমআই নিউইয়র্কের হয়ে মেজর লিগ ক্রিকেট এবং ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন এই অলরাউন্ডার। এ ছাড়া ২০২৭ সালের এসএ-টোয়েন্টির জন্য নিলাম থেকে তাকে দলে নিয়েছে জোবার্গ সুপার কিংস।পোলার্ডের নিয়োগে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি। তার মতে, ২২ বছর বয়সে মুম্বাইয়ে যোগ দেওয়ার পর গত ১৬ বছরে পোলার্ড ফ্র্যাঞ্চাইজিটির পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। খেলোয়াড় হিসেবে দলের অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী হওয়ার পাশাপাশি কোচ হিসেবেও নিজের অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞান ভাগ করে নিয়েছেন তিনি।নীতা আম্বানির বিশ্বাস, মুম্বাইয়ের সংস্কৃতি ও সমর্থকদের প্রত্যাশা সম্পর্কে ভালো ধারণা থাকায় নতুন দায়িত্বেও সফল হবেন পোলার্ড। দলের প্রতি তার নিষ্ঠা, আত্মবিশ্বাস ও দৃঢ়তা নতুন অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের পাঁচটি আইপিএল শিরোপা জয়ে অবদান রেখেছেন পোলার্ড। এবার কোচের ভূমিকায় সেই সাফল্যের পুনরাবৃত্তি করাই হবে তার সবচেয়ে বড় পরীক্ষা। ২০২৭ সালের আইপিএলে নতুন কোচের অধীনে মুম্বাই ইন্ডিয়ান্স কতটা সফল হয়, এখন সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।