ঢাকা   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Sports Talk BD

মালিঙ্গাসহ তিন কোচকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলের ২০২৭ আসরের আগে কোচিং প্যানেল ঢেলে সাজানোর পথে হাঁটছে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের শিরোপাজয়ী ফ্র্যাঞ্চাইজিটি বিদায় জানিয়েছে বোলিং কোচ লাসিথ মালিঙ্গা, পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনকে। এর আগে প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গেও সম্পর্কের ইতি টেনেছিল দলটি।২০২৪ সালে শেন বন্ডের স্থলাভিষিক্ত হয়ে মুম্বাইয়ের বোলিং কোচের দায়িত্ব নেন শ্রীলঙ্কার সাবেক তারকা পেসার মালিঙ্গা। তবে তার অধীনে দলটি ধারাবাহিক সাফল্য পায়নি। ২০২৪ সালের আসরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে দশম হয় মুম্বাই। ২০২৫ সালে চতুর্থ স্থানে উঠে এলেও ২০২৬ মৌসুমে আবারও নবম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে তারা।কোচিংয়ের দায়িত্ব নেওয়ার আগে মুম্বাইয়ের জার্সিতে টানা নয় মৌসুম খেলেছেন মালিঙ্গা। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে চারটি আইপিএল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ২০১১ সালে মুম্বাইয়ের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ের অভিযানেও বড় অবদান রাখেন এই লঙ্কান পেসার।এক বিবৃতিতে মালিঙ্গাকে নিজেদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। খেলোয়াড় হিসেবে সাফল্যের পর মেন্টর ও কোচ হিসেবেও দলটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার নিবেদন, লড়াই করার মানসিকতা ও ক্রিকেটের প্রতি ভালোবাসা বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে বলেও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।এদিকে, মুম্বাইয়ের কোচিং স্টাফ থেকে সরে দাঁড়াতে হচ্ছে পরশ মামব্রেকেও। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম দফায় দলটির সঙ্গে কাজ করেন ভারতের সাবেক এই বোলিং কোচ। পরে ২০২৪ সালে আবারও মুম্বাইয়ের কোচিং প্যানেলে ফেরেন তিনি। দুই মেয়াদেই বোলারদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মামব্রে।অন্যদিকে, ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ২০২৫ মৌসুমের আগে মুম্বাইয়ে যোগ দিয়েছিলেন কার্ল হপকিনসন। ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা হপকিনসনকেও এবার বিদায় জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।কোচিং স্টাফে পরিবর্তনের ধারাবাহিকতায় প্রধান কোচের পদেও নতুন মুখ এনেছে মুম্বাই। মাহেলা জয়াবর্ধনের বিদায়ের পর সেই দায়িত্ব দেওয়া হয়েছে দলের সাবেক ব্যাটিং কোচ ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ডকে।একাধিক কোচকে বিদায় জানিয়ে নতুনভাবে দল গোছানোর এই উদ্যোগের মাধ্যমে ২০২৭ সালের আইপিএলে নিজেদের পুরোনো সাফল্য ফিরিয়ে আনতে চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন কোচিং কাঠামোয় দলটি কতটা ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

মালিঙ্গাসহ তিন কোচকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স