ঢাকা   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Sports Talk BD

ইসলামবিদ্বেষী স্লোগানের ঘটনায় স্পেনকে জরিমানা করল ফিফা

মিশরের বিপক্ষে ম্যাচে সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের ঘটনায় স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। একই সঙ্গে দলটির পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের অন্তত ১৫ শতাংশ আসন বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। গত মার্চে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বার্সেলোনার কাছে এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে মিশরের মুখোমুখি হয়েছিল স্পেন। গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে স্পেনের কয়েকজন সমর্থককে ‘যে লাফাবে না, সে মুসলিম’—এমন ইসলামবিদ্বেষী স্লোগান দিতে শোনা যায়।দ্বিতীয়বার একই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক মাইকে সতর্কবার্তা দেন। পাশাপাশি স্কোরবোর্ডে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বার্তা প্রচার করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্পেনের মুসলিম ফুটবলার লামিন ইয়ামাল। তিনি সমর্থকদের এমন আচরণকে অসম্মানজনক ও অসহনীয় বলে মন্তব্য করেন। জড়িত ব্যক্তিদের অজ্ঞ ও বর্ণবাদী বলেও অভিহিত করেন এই উইঙ্গার।ঘটনার পরদিনই তদন্তে নামে স্প্যানিশ পুলিশ। পরবর্তী সময়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করে ফিফা।তবে ফিফার অভিযোগের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে আরএফইএফ। তাদের যুক্তি ছিল, ‘মুসলিম’ শব্দটি নিজে অপমানজনক নয়। তাই ঘটনাটিকে বৈষম্য ও বর্ণবাদসংক্রান্ত ফিফার ১৫ নম্বর অনুচ্ছেদের পরিবর্তে রাজনৈতিক, আদর্শগত ও ধর্মীয় বার্তাসংক্রান্ত ১৭ নম্বর অনুচ্ছেদের আওতায় বিবেচনা করা উচিত।কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সেই যুক্তি গ্রহণ করেনি ফিফার ডিসিপ্লিনারি কমিটি। সংস্থাটি জানিয়েছে, বৈষম্যমূলক আচরণ প্রমাণের জন্য সরাসরি গালিগালাজ বা আপত্তিকর শব্দ ব্যবহারের প্রয়োজন নেই। কোনো শব্দ নির্দিষ্ট পরিস্থিতিতে কাউকে অপমান, উপহাস কিংবা হেয় করার উদ্দেশ্যে ব্যবহার করা হলে সেটিও বৈষম্যমূলক আচরণ হিসেবে বিবেচিত হতে পারে।শেষ পর্যন্ত আরএফইএফকে ২০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। পাশাপাশি স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের অন্তত ১৫ শতাংশ আসন দর্শকদের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামবিদ্বেষী স্লোগানের ঘটনায় স্পেনকে জরিমানা করল ফিফা