মিরপুরে বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়ার পর এবার ব্যাট হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন শেখ মেহেদী হাসান। গতকাল ঘূর্ণি জাদুতে রাজশাহীর ৬ ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। আজ তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে রাজশাহীর বিপক্ষে চালকের আসনে রয়েছে খুলনা।গতকাল শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের লড়াই। দ্বিতীয় দিনের খেলা শেষে মেহেদীর শতকে ভর করে খুলনার লিড দাঁড়িয়েছে ৩৪৪ রানে। অন্যদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে ব্যাটারদের দাপট। ঢাকার বড় সংগ্রহের জবাবে এখনো ৩৯৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক সিলেট।মিরপুরে ১ উইকেটে ১০৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে খুলনা। আগের দিন ৫৫ রানে অপরাজিত থাকা আজিজুল হাকিম তামিম আজ কোনো রান যোগ না করেই বিদায় নেন। তিন নম্বরে ব্যাট করতে নামা কালাম সিদ্দিকীও সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে আউট হন। তাঁর সংগ্রহ ৯১ রান।এরপর ইমরানুজ্জামান ৫২ এবং সামিউন বাশির রাতুল ৫৭ রান করে দলের সংগ্রহ বাড়ান। তবে দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন শেখ মেহেদী হাসান। চারটি অর্ধশতকের পর খুলনার হয়ে শতকের দেখা পান এই অলরাউন্ডার। ১১৮ বলের ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কায় ১০৪ রান করেন তিনি।মেহেদীর ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের খেলা শেষে ৯ উইকেটে ৪৬৩ রান সংগ্রহ করেছে খুলনা। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নিহাদুজ্জামান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১৯ রানেই গুটিয়ে গিয়েছিল রাজশাহী।অন্যদিকে, সিলেটে ২ উইকেটে ৩৪৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে ঢাকা। আগের দিন ১৩১ রানে আহত অবসর হয়ে মাঠ ছেড়েছিলেন নাঈম শেখ। আজ ফিরে এসে নিজের ইনিংসে আরও ৬ রান যোগ করে ১৩৭ রানে থামেন তিনি।ঢাকার হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ও মার্শাল আইয়ুব। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। অঙ্কনের ব্যাট থেকে এসেছে ১০৮ রান, আর আইয়ুব খেলেছেন ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস। তাঁদের ব্যাটিং নৈপুণ্যে ৮ উইকেটে ৫৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা।জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেটে ১৫৪ রান করেছে সিলেট। অধিনায়ক জাকির হাসান ৪৮ রান করে আউট হয়েছেন। সৈকত আলী ৩১ রান নিয়ে অপরাজিত আছেন। ঢাকার হয়ে আমিনুল ইসলাম বিপ্লব ও সুমন খান একটি করে উইকেট শিকার করেছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।