শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে ফিরতে পারেন লিওনেল মেসি। ২০২৭ সালের জানুয়ারিতে আর্জেন্টিনার এই মহাতারকাকে দলে ফেরানোর পরিকল্পনা করছে রোজারিওর ক্লাবটি। ক্যারিয়ারের শেষদিকে এসে শৈশবের ক্লাবের জার্সিতে মাঠে নামার স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে পারে বলে জোর আলোচনা চলছে।আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসিকে ফিরিয়ে আনতে দীর্ঘদিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে নিউয়েলস ওল্ড বয়েজ। এ বিষয়ে রোজারিওর সাংবাদিক গঞ্জালো কালভিজিওনি জানিয়েছেন, নিউয়েলসে ফেরার সম্ভাবনা এখন পর্যন্ত সবচেয়ে বেশি মেসির। ২০২৭ সালের জানুয়ারির মধ্যেই তাকে দলে পাওয়ার আশায় রয়েছে ক্লাবটি।২০০০ সালের গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে নিউয়েলস ওল্ড বয়েজের যুব দল ও একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ নিয়েছিলেন মেসি। তবে ক্লাবটির মূল দলের হয়ে কখনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি তার।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে নিউয়েলসে ফেরার সম্ভাবনা বাস্তবায়িত হলে চুক্তির বিষয়টি কীভাবে সমাধান হবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।