জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় বড় শাস্তির মুখে পড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞার পাশাপাশি ২৫৫ ইউরো জরিমানা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।গত সেপ্টেম্বরে পর্তুগালের নেশন্স লিগের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন ৪১ বছর বয়সী এই তারকা। নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ না পাওয়ার পর তিনি জানতে পারেন, আগামী ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশে থাকছেন না। এরপরই জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।ঘটনার ব্যাখ্যায় রোনালদো দাবি করেন, পর্তুগালের কোচ হোর্হে জেসুস তাঁর সঙ্গে করা প্রতিশ্রুতি দুইবার ভঙ্গ করেছেন। বিষয়টিকে তিনি বিশ্বাসভঙ্গ বলেও অভিহিত করেন।তবে নিষেধাজ্ঞার কারণে পর্তুগালের কোনো আসন্ন ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে না রোনালদোকে। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের দিন থেকেই শাস্তি কার্যকর হওয়ায় ইতিমধ্যে নিষেধাজ্ঞার ১৯ দিন কাটিয়ে ফেলেছেন তিনি।ফেডারেশনের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, রোনালদোর অনুশোচনা, ফুটবলে অবদান এবং ক্যারিয়ারের অর্জন বিবেচনায় নিয়ে এই শাস্তি দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সময় নিজের বিভিন্ন পুরস্কার ও অর্জনের তথ্যও তুলে ধরেন তিনি। পাশাপাশি নিজের ভুল স্বীকার করে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টিও উল্লেখ করেন। এমনকি শাস্তি পাওয়ার যোগ্য বলেও মেনে নিয়েছিলেন পর্তুগিজ অধিনায়ক।অন্যদিকে রোনালদোর সঙ্গে কোনো ধরনের চুক্তির কথা অস্বীকার করেছেন কোচ হোর্হে জেসুস। তবে জাতীয় দলে তাঁর ফেরার সম্ভাবনা নাকচ করেননি তিনি। ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েনকাও রোনালদোকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখতে চান। পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ডকে তিনি জানিয়েছেন, বিষয়টির সমাধান হলে রোনালদোকে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহী ফেডারেশন।পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক তিনি। তাঁর নেতৃত্বে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ ও দুটি নেশন্স লিগের শিরোপা জিতেছে পর্তুগাল।বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০২২ সালের ডিসেম্বরে ক্লাবটিতে যোগ দেওয়ার পর চুক্তির মেয়াদও বাড়িয়েছেন তিনি।সূত্র: বিবিসি
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।