ঢাকা   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Sports Talk BD

এসএ-টুয়েন্টিতে রিশাদের সঙ্গে খেলবেন যারা, অবিক্রীত নাহিদ

সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর এসএ-টুয়েন্টির নিলামে দল পাননি বাংলাদেশের পেসার নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেটে গতির কারণে আলোচনায় থাকা এই পেসারকে নিয়ে আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত কোনো দল তাকে নেয়নি।এবারের নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার ছিলেন নাহিদ। এসএ-টুয়েন্টির চারটি আসর হয়ে গেলেও এখনো কোনো বাংলাদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলেননি। গত আসরে তাইজুল ইসলামকে দলে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস, তবে পরে তিনি নিজেকে সরিয়ে নেন।এবার সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে রিশাদ হোসেনকে দিয়ে। নিলামের আগেই সরাসরি চুক্তিতে বাংলাদেশের লেগ স্পিনারকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। একই দলে রয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শও।সানরাইজার্সের হয়ে খেললে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করবেন রিশাদ। তার সতীর্থদের মধ্যে থাকবেন কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, মার্কো জানসেন, অ্যানরিখ নরকিয়া, ট্রিস্টান স্টাবস ও অ্যাডাম মিলনে। নিলাম থেকে নান্দ্রে বার্গার ও ক্রেইগ ওভারটনকেও দলে নিয়েছে সানরাইজার্স।পাকিস্তান সুপার লিগ ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে রিশাদের। এবার এসএ-টুয়েন্টিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মাঠে নামার সুযোগ রয়েছে তার। তবে খেলতে হলে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হবে। এবারের আসর শুরু হবে ১৭ জানুয়ারি, আর ফাইনাল হবে ২১ ফেব্রুয়ারি।নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন সাউথ আফ্রিকার ১৮ বছর বয়সী অলরাউন্ডার জেসন রোলস। তাকে ২৯ লাখ র‍্যান্ডে দলে নিয়েছে জোবার্গ সুপার কিংস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করা রোলস বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিনও করেন। একই নিলামে ফাফ ডু প্লেসি ও কাইরন পোলার্ডকেও দলে নিয়েছে জোবার্গ সুপার কিংস।

এসএ-টুয়েন্টিতে রিশাদের সঙ্গে খেলবেন যারা, অবিক্রীত নাহিদ