ক্লাবের কর্তাদের নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে পরে ক্ষমা চেয়েও পার পেলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বিতর্কিত মন্তব্যের জেরে এবার তাকে আর্থিক জরিমানার মুখে পড়তে হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর মিক্সড জোনে দাঁড়িয়ে ইউনাইটেডের দল গঠন ও ক্লাব পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্তিনেজ। তার মতে, গ্রীষ্মকালীন দলবদলে পর্যাপ্ত অর্থ ব্যয় না করা এবং মানসম্পন্ন খেলোয়াড় না আনার কারণেই ভুগতে হচ্ছে দলটিকে।সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার হতাশা থেকেই এমন মন্তব্য করেছিলেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। তবে প্রকাশ্যে ক্লাব কর্তাদের সমালোচনা করায় বৃহস্পতিবার তাকে আলোচনার জন্য ডেকে পাঠান কর্মকর্তারা।পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান মার্তিনেজ। ক্লাবের কর্মকর্তা ও প্রধান কোচের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, হারের পর আবেগের বশে নিজের মনের কথা প্রকাশ করেছিলেন, যা হয়তো ঠিক হয়নি।২০২২ সালের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া মার্তিনেজের বর্তমান চুক্তির মেয়াদ চলতি মৌসুমের শেষ পর্যন্ত। চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মৌসুম শেষে ওল্ড ট্রাফোর্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে তার।সাংবাদিক জেমি জ্যাকসনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে মার্তিনেজের এমন বিস্ফোরক মন্তব্য দলবদলের পথ সহজ করার কৌশলও হতে পারে।এদিকে ফ্ল্যাশস্কোরে প্রকাশিত সাংবাদিক ডিন জোন্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্তিনেজকে দলে ভেড়াতে আগ্রহী আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার বিষয়ে আর্জেন্টাইন ডিফেন্ডারেরও আগ্রহ রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।