সৌদি আরবের চলমান সংঘাতের প্রভাব এবার পড়েছে দেশটির ফুটবল অঙ্গনেও। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছানোর পর সৌদি প্রো লিগের (এসপিএল) তিনটি ম্যাচের সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর একটি হলো ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের।মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ জানায়, লজিস্টিক জটিলতা এবং ম্যাচগুলোর মধ্যবর্তী বাধ্যতামূলক বিশ্রামের সময় বজায় রাখার স্বার্থে নবম রাউন্ডের তিনটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।নতুন সূচি অনুযায়ী, আল হিলাল ও আল রিয়াদের মধ্যকার ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের লড়াই অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। অন্যদিকে আল আহলির বিপক্ষে আল নাসরের ম্যাচটি পিছিয়ে আগামী ২০২৭ সালের ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে।তবে নবম রাউন্ডের বাকি ম্যাচগুলো আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ীই মাঠে গড়াবে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।এর আগে সোমবার উজবেকিস্তানের ক্লাব নেফচি ফেরগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা আসার পর নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছিল।গত কয়েক দিনে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে।সপ্তাহান্তে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার মধ্য দিয়ে পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওই হামলায় ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০১৫ সালের পর এটিকে সৌদি আরবে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।