বিশ্বের ৩০টি দেশের অপেশাদার ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’। প্রবাসী বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের অপেশাদার ক্রিকেট ক্লাবগুলোর সেতুবন্ধন তৈরি এবং ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা।বৃহস্পতিবার রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে কেক কাটা ও টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসরের ঘোষণা দেওয়া হয়।আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। আর প্রতিযোগিতার পর্দা নামবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ফাইনালের মধ্য দিয়ে। সব মিলিয়ে বিশ্বের ১০টি দেশে আয়োজন করা হবে ম্যাচগুলো। ফাইনাল উপলক্ষে বিশেষ গালা নাইটে বলিউড সুপারস্টার শাহরুখ খানের উপস্থিত থাকার কথাও জানিয়েছেন আয়োজকেরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে এক মঞ্চে নিয়ে আসার এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। একই সঙ্গে খেলাধুলাকে কূটনীতির মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি হবে।তিনি আরও আশা প্রকাশ করেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি ক্রিকেটাররা এমন আয়োজনের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে দেশের ক্রিকেটেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া জানান, আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং তাঁদের জন্য বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।অন্যদিকে, গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ জানান, টুর্নামেন্টের সব ম্যাচ সম্প্রচারের জন্য বিশেষ একটি ওটিটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আইসিসির ইভেন্ট ম্যানেজারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ চলছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও জাবেদ ওমর বেলিম এবং সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তাঁদের মতে, ক্রিকেট কেবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করার শক্তিশালী মাধ্যম।আয়োজকদের তথ্যমতে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, সৌদি আরব, ইতালি, কাতার, জাপান ও বাংলাদেশসহ মোট ৩০টি দেশের অপেশাদার ক্রিকেট ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে।প্রবাসী ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ সৃষ্টি, বিভিন্ন দেশের ক্রিকেট ক্লাবের মধ্যে সম্পর্ক গড়ে তোলা এবং বিশ্বদরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যেই ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবি মিডিয়া গ্রুপ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।