ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Sports Talk BD

ভিসা জটিলতায় আটকে গেল বাংলাদেশ যুব দলের যাত্রা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ওমান সফর পিছিয়ে গেছে ভিসা জটিলতার কারণে। আজ সকালে ওমানের উদ্দেশে দেশ ছাড়ার কথা থাকলেও ভিসা না পাওয়ায় নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেননি যুব ক্রিকেটাররা।সফরের প্রস্তুতি হিসেবে গতকাল পুরো দলের আনুষ্ঠানিক ফটোসেশন অনুষ্ঠিত হয়। সেখানে ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। পরে বিকেলে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেন তাঁরা। সব প্রস্তুতি শেষ হলেও শেষ মুহূর্তে ভিসা জটিলতায় থমকে যায় দলের যাত্রা।রাতে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়, ভিসা না মেলায় সকালের ফ্লাইটে ওমান যাওয়া সম্ভব হচ্ছে না। পরে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে দলের ওমান সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানায় বোর্ড। একটি সূত্রের তথ্য অনুযায়ী, আগামী এক-দুই দিনের মধ্যে দলটি ওমানের উদ্দেশে রওনা হতে পারে।বিসিবি জানিয়েছে, সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এখনো ওমান কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে তাদের জানিয়েছে। গত সেপ্টেম্বরের শুরু থেকেই এসিবির মাধ্যমে ভিসা প্রক্রিয়ার কাজ সমন্বয় করা হচ্ছে।ভিসা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি। তবে দলের অধিকাংশ ক্রিকেটারের জন্য এটিই প্রথম বিদেশ সফর। সফরের ঠিক আগের দিন যাত্রা স্থগিত হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন তরুণ ক্রিকেটাররা।এদিকে, আগে থেকে ভিসার প্রক্রিয়া শুরু করার পরও কেন সময়মতো অনুমোদন পাওয়া গেল না, কিংবা ভিসা নিশ্চিত না করেই কেন দলের ফটোসেশন ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছিল—এসব প্রশ্নের উত্তর জানতে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ফাহিম সিনহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।সূচি অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর ওমানের ক্রিকেট একাডেমি মাঠে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর।

ভিসা জটিলতায় আটকে গেল বাংলাদেশ যুব দলের যাত্রা